রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় মশার উপদ্রব বেড়েছে। মশার কামড়ে দিনে-রাতে ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।
এলাকাবাসী জানান, এখানকার খাল বন্ধ হয়ে আছে। বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। এগুলোই মশা জন্মানোর বড় কারণ বলে তাঁরা মনে করেন।
বাসিন্দাদের মতে, এলাকায় এক ভবন থেকে আরেক ভবনের দূরত্ব খুবই কম। ফলে ভবনগুলোর মাঝের সরু জায়গায় আলো-বাতাস কম ঢোকে, পরিষ্কারও ঠিকমতো হয় না। এতে মশা বাড়ার সুযোগ তৈরি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মশক নিধনের কার্যক্রম পর্যাপ্ত নয়। প্রয়োজন অনুযায়ী নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, খাল পরিষ্কার, ময়লা অপসারণ আর নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হলে এই সমস্যা অনেকটাই কমে আসবে।