আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এই বয়সসীমা কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।
গত ২৬ অক্টোবর বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত তারিখ অর্থাৎ ১ জানুয়ারি ২০৩০ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রমে এই বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফলে ২০৩০ সালের আগ পর্যন্ত বয়সসীমা সংক্রান্ত এই নিয়ম প্রযোজ্য হবে না। এতে বর্তমানে যারা এলএলবি পড়ছেন, তারা নতুন নিয়ম কার্যকরের আগেই তালিকাভুক্তির প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।