গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় মোতায়েন করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়।
বর্তমানে গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। তারা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন।
গোপালগঞ্জে নতুন করে আট প্লাটুন সদস্য মোতায়েনের মধ্য দিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।