দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার (রিসাইক্লিং) কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে কুয়াকাটা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক প্রাণী ও উপকূলীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পর্যটননির্ভর এ অঞ্চলের পরিবেশ ও অর্থনীতির সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় শুধু বর্জ্য পরিষ্কার করলেই হবে না, বরং বর্জ্য উৎপত্তিস্থল থেকেই তা পৃথকীকরণের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং কার্যকর রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
বক্তারা মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়নে পৌরসভার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া কুয়াকাটাকে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু এবং প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।
এ ছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস ও গ্রাম বাংলাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে কুয়াকাটাকে টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কার্যক্রম সফল হলে সমুদ্রসৈকতের পরিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটকদের জন্য আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।