📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

১৬ নভেম্বর ২০২৬ | সোমবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ PM

ব্রেকিং নিউজ
বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর ● গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ● বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

← হোমপেজে ফিরুন

বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা বাণিজ্য

বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রতিবেদক: লালমনিরহাট:

জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাটে সপ্তাহে দুই দিন বসে জমজমাট বাজার। প্রতি বুধবার ও শনিবারের হাটে প্রায় এক কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে লালমনিরহাট ছাড়াও কুড়িগ্রাম ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা কলা নিয়ে আসেন।

হাটবারে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। সাধারণত একসঙ্গে ১০০ কাঁদি কলা বিক্রি হয়। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।

হাটে সাগর, মালভোগ, চিনি চম্পা, আটিয়া ও মনুয়াসহ বিভিন্ন জাতের কলা বিক্রি হয়। ক্রেতা-বিক্রেতাদের দর-কষাকষি, কলা বাছাই এবং ট্রাকে বোঝাইয়ের ব্যস্ততায় মুখর থাকে পুরো বাজার।

স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বুধবারের বড় হাটে প্রায় ১২ হাজার এবং শনিবার প্রায় ৮ হাজার কলার কাঁদি বিক্রি হয়। বুধবার ৬০ থেকে ৬২ লাখ টাকা এবং শনিবার ৪০ থেকে ৪৫ লাখ টাকার কলা বেচাকেনা হয়।

স্থানীয় কলা ব্যবসায়ী জহির উদ্দিন ও ফারুক আহমেদ জানান, সপ্তাহে দুই দিনের হাটে অন্তত এক কোটি টাকার কলা বিক্রি হয়। রমজানের আগে এবং গরমকালে কলার সরবরাহ ও বেচাকেনা আরও বেড়ে যায়।

জাত, মান ও আকারভেদে প্রতি কাঁদি সাগর কলা ২০০ থেকে ৪৫০ টাকা, মালভোগ ২৫০ থেকে ৮০০ টাকা, চিনি চম্পা ২০০ থেকে ৪৫০ টাকা এবং মনুয়া ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কলাচাষি আলেফ উদ্দিন জানান, কলা চাষে প্রতি বিঘায় বছরে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। বাজার ভালো থাকলে প্রায় এক লাখ টাকার কলা বিক্রি করা সম্ভব।

অন্যদিকে, রাজারহাটের কৃষক জলিল উদ্দিন জানান, তাঁর আড়াই বিঘা জমিতে সাগর কলার ভালো ফলন হয়েছে। তবে প্রতি কাঁদি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করতে হয়েছে। অথচ হাটে প্রতি হালি কলা ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে এর দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

বড়বাড়ী ইউনিয়নের কৃষক ও ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, পরিবহনসহ বিভিন্ন খরচ বহন করে পাইকারদের কাছে কলা সরবরাহ করতে হয়। হাটে বাইরের পাইকারের সংখ্যা বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন।

হাটের ইজারাদার রহিম উদ্দিন জানান, বেচাকেনা বাড়াতে জেলার বাইরের পাইকারদের আকৃষ্ট করা প্রয়োজন। এতে ক্রেতার সংখ্যা বাড়বে এবং কৃষকেরা ন্যায্যমূল্য পাবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে লালমনিরহাট জেলায় ১২৩ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এ অঞ্চলের গ্রামাঞ্চলে পারিবারিক চাহিদার পাশাপাশি বাণিজ্যিকভাবেও কলা চাষ করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী। পরিকল্পিত চাষ, আধুনিক পরিচর্যা ও উন্নত বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কলা এ অঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস হতে পারে। ন্যায্যমূল্য নিশ্চিত হলে কলা চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে