পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। দেশের সামগ্রিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য অর্জনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তরের সহসভাপতি মিজান হালাদার, উপজেলা সমবায় কর্মকর্তা খায়রুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান, আরডিও আরিফুর রহমান শাহিন, দশমিনা গণঅধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক সোহেল প্যাদা এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।