চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার পাসের হার ৬.৭১ শতাংশ পয়েন্ট কমেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ১৩ জন কম।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
ছাত্রীরা এগিয়ে
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ সব বোর্ড মিলিয়ে ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী পাস করেছে।
৯টি সাধারণ বোর্ডের চিত্র
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা দেয় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন, পাসের হার ৫১.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন।
এসব বোর্ডেও ছাত্রীরা এগিয়ে। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন আর ছাত্রী ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন। অর্থাৎ ছাত্রদের চেয়ে ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাস করেছে।
বেড়েছে শূন্য পাসের প্রতিষ্ঠান
এ বছর পরীক্ষা কেন্দ্র ছিল ২ হাজার ৭৬০টি আর প্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৩৯০টি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠান ৮৮টি বাড়লেও কেন্দ্র কমেছে ৪০টি।
শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠান। অন্যদিকে ২৯৩টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। গত বছরের চেয়ে শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়েছে ৯১টি।
বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ
দেশের বাইরের ৮টি কেন্দ্রে পরীক্ষা দেয় ২৩০ জন। তাদের মধ্যে পাস করেছে ২০৯ জন, পাসের হার ৯০.৮৭ শতাংশ।
সূত্র: বাসস