পটুয়াখালীর কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ চার বাজিকরকে আটক করেছেন এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। পরে বন্যপ্রাণী সংরক্ষণে অঙ্গীকারনামা দেওয়ায় বন বিভাগ তাদের ছেড়ে দেয়।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কলাপাড়া শহরের ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহায়তা করে বন বিভাগ। উদ্ধার হওয়া বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বন্য বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বানরগুলো বন বিভাগের সহায়তায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
তিনি বলেন, বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে তারা কাজ করছেন। বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর মতো কাজ বন্ধে এ ধরনের উদ্যোগ চলবে।
উল্লেখ্য, দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, কেনাবেচা ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।
সূত্র: বাসস