ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ শিকার বন্ধ থাকায় বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৮০০ জেলে পরিবারকে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার পেয়েছে ২৫ কেজি করে চাল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ধুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ করা হয়। জেলেদের হাতে চাল তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে তিনি বলেন, বাউফলে জেলেদের সরকারি সহায়তা দেওয়ার সময় কারো দলীয় বা ধর্মীয় পরিচয় দেখা হয়নি। যাঁরা সত্যিকারের জেলে, তাঁদের খুঁজে বের করে সহায়তা পৌঁছানো হচ্ছে। ধাপে ধাপে আরও জেলেকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তথ্যসূত্র: বাসস