📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

২৭ অক্টোবর ২০২৬ | মঙ্গলবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২:৪৯ PM

ব্রেকিং নিউজ
আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ সাল থেকে ● জনচলাচলে বাধা, বরিশালে অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ● ঢাকায় ২২ নভেম্বর শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

← হোমপেজে ফিরুন

ছোট যমুনা নদীর বুকে প্রতিমা বিসর্জন: নওগাঁয় সাঙ্গ হলো শারদীয় দুর্গোৎসব জেলা সংবাদ

ছোট যমুনা নদীর বুকে প্রতিমা বিসর্জন: নওগাঁয় সাঙ্গ হলো শারদীয় দুর্গোৎসব

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: নওগাঁ প্রতিনিধি: জুয়েল বারি

নওগাঁ শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ছোট যমুনা নদীর কালীতলা ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীর এই উৎসবে ছোট যমুনা নদীর বুকে ঐতিহ্যগতভাবে সুসজ্জিত নৌকার বর্ণাঢ্য শোভাযাত্রা এবং হাজারো মানুষের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আজ দুপুর থেকে রাত পর্যন্ত নওগাঁ পৌর এলাকা ও আশপাশের বিভিন্ন মণ্ডপ থেকে একে একে দেবী দুর্গার প্রতিমা সুসজ্জিত ট্রাকে করে নদীর তীরে নিয়ে আসা শুরু হয়। এরপর প্রতিমাগুলো বড় বড় নৌকায় তুলে শুরু হয় ঐতিহ্যবাহী শোভাযাত্রা। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা আর সাউন্ড সিস্টেমের ধর্মীয় সুরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা।

প্রতি বছর ব্রিজের ওপর মানুষের উপচে পড়া ভিড় থাকলেও এবার বাড়তি নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ব্রিজের ওপর কোনো দর্শনার্থীকে দাঁড়াতে দেয়নি প্রশাসন। ফলে দর্শনার্থীরা নদীর দুই পাড়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর শোভাযাত্রা উপভোগ করেন। অনেকেই আবার নিজস্ব ছোট ছোট নৌকা নিয়ে নদীর বুকে এই রঙিন মেলামেশায় শামিল হন।

বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের বিশেষ টিম মণ্ডপ ও ঘাট এলাকায় সার্বক্ষণিক মোতায়েন ছিল।

পূজার বিশেষ তথ্য

নওগাঁয় এবারের দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। এ বছর জেলা ও পৌরসভার পূজার পরিসংখ্যান নিম্নরূপ:

নওগাঁর ১১টি উপজেলা জুড়ে এ বছর সর্বমোট ৮৩৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। শুধু নওগাঁ পৌরসভা এলাকাতেই এবার ৫৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপে বিশেষ নিরাপত্তা হিসেবে বিজিবি মোতায়েন ছিল।

সবশেষে আলো-আঁধারিতে জলজঙ্গলের বুকে হরেক রঙের আলো মেখে ‘আসছে বছর আবার হবে’ ধ্বনিতে দেবীকে বিসর্জনের অশ্রুমাখা মুহূর্তে প্রীতি ও ভালোবাসায় এক স্বর্গীয় অনুভূতি রেখে সমাপ্তি ঘটে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য এই শারদীয় উৎসবের।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে