মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে এবারের উৎসবের সূচনা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় জেলার ১৯৪টি পূজামণ্ডপে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি, কাঁসর-ঘণ্টার শব্দ আর চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণগুলো। ধূপের ধোঁয়ায় ভরে ওঠা মণ্ডপে ভক্তরা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য দেবীর কাছে প্রার্থনা করেন।
সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, অশুভের বিনাশ আর শুভের জয়ের বার্তা নিয়ে দেবী দুর্গা মর্ত্যে আসেন। অসুর বধের মাধ্যমে তিনি সত্য, ন্যায় ও কল্যাণের প্রতীক হিসেবে পূজিত হন।
(তথ্যসূত্র: বাসস)