দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নগরীর রুপাতলীতে সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে যুক্ত করতে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ বাড়ানোর ওপর জোর দেন। তাঁর মতে, শ্রবণশক্তিসহ অন্যান্য ইন্দ্রিয়ের দক্ষতা কাজে লাগিয়ে তাঁদের দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া যেতে পারে বলেও মত দেন তিনি। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট মেটাতে প্রশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষক হিসেবে নিয়োগের প্রস্তাব দেন।
প্রতিবন্ধিতা প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, গর্ভাবস্থায় মায়ের সচেতনতা, পুষ্টিকর খাবার ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা খুবই জরুরি। এ ক্ষেত্রে চিকিৎসকের পাশাপাশি পরিবার ও সমাজের প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। সঠিক পরামর্শ ও সবার সম্মিলিত চেষ্টায় শিশুদের প্রতিবন্ধিতার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। মা-বাবার অবর্তমানে এসব শিশুর দেখভাল কে করবে, সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। মানসম্মত শিক্ষা, উচ্চশিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে অন্যদের সঙ্গে সমানতালে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির, স্থানীয় সরকারের উপপরিচালক মো. নাকিব হাসান তরফদার এবং বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বদিউল আলম। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি তুলে দেওয়া হয়।