শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় অন্বেষা নিশান ক্লাব, নওগাঁর হলরুমে নাটকটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্বেষা নিশান ক্লাবের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত নাটকটির পান্ডুলিপি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্বেষা নিশান ক্লাবের সভাপতি ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে নাটকের মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন অন্বেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু। এ সময় জেলা শিল্পকলা একাডেমি, নওগাঁর কালচারাল অফিসার জি এম জাকির হোসেনসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, সুধীজন এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে এবং বিশেষ করে জেলার নাট্যাঙ্গনের সোনালি অতীত ফিরিয়ে আনতে তিনি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটকটির লেখক অজয় সরকার, ঐক্যতান সংগীত নিকেতন, নওগাঁর সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জি এম জাকির হোসেন, আবৃত্তি পরিষদ নওগাঁর সভাপতি কায়েস উদ্দীন এবং অন্বেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু।
অনুষ্ঠানের শেষ পর্বে নওগাঁ নৃত্যরং একাডেমির নৃত্যশিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক।