দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করতে ব্যক্তি থেকে ব্যক্তিতে (P2P) বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে অর্থ লেনদেনের সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১ নভেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন এ ব্যবস্থার মাধ্যমে যেকোনো হিসাবধারী সহজে ও নির্ভুলভাবে বাংলা কিউআর ব্যবহার করে একটি ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তরের এ সুবিধা চালুর ফলে ব্যাংক হিসাবের মধ্যে অর্থ আদান-প্রদান আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারেও এটি ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে ক্যাশলেস বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় বাংলা কিউআরের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।