নওগাঁ, ১ অক্টোবর ২০২৬: নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৭৮০ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে আত্রাই উপজেলার ৬ নম্বর মুনিয়ারী ইউনিয়নের পতিসর ব্লকের কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।
আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, কার্ডপ্রাপ্তদের মধ্যে ১১৬ জন ভূমিহীন, ৬৫৪ জন প্রান্তিক, ৬৮০ জন ক্ষুদ্র, ২৫৬ জন মধ্যম এবং ৭৪ জন বড় কৃষক রয়েছেন। এরই মধ্যে ১ হাজার ৪৫০ জন কৃষকের ব্যাংক হিসাব খোলা সম্পন্ন হয়েছে।
কৃষক কার্ডধারীরা ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক প্রণোদনা পাবেন। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, নওগাঁর ৯৯টি ইউনিয়নের প্রায় ৬ লাখ ৮০ হাজার কৃষককে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।