পটুয়াখালী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী সদর উপজেলার ১৪ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একই পরিবারের তিনজনের প্রার্থী হওয়ার ঘোষণা ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থিতার কথা জানাচ্ছেন তারা।
প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া তিনজন হলেন সাবেক চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন সিকদারের বড় ছেলে আমেরিকা প্রবাসী মোঃ জাহাঙ্গীর হোসেন সিকদার, ছোট ছেলে মোঃ জাকির হোসেন সিকদার এবং তাঁর ভাইয়ের ছেলে মাওলানা নাজিম উদ্দিন সিকদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
একই পরিবারের তিনজনের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত পরিবারের কতজন নির্বাচনের মাঠে থাকবেন, নাকি তাঁদের মধ্যে কেউ প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন, তা নিয়েও স্থানীয়দের মধ্যে কৌতূহল রয়েছে।
এদিকে আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, সম্ভাব্য এসব প্রার্থীর অনেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
নির্বাচনের তফসিল ঘোষণা এবং মনোনয়ন প্রক্রিয়া শুরু হলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।